
নিজস্ব প্রতিবেদন,
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেওয়ার ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৬ নভেম্বর (রোববার) রাতে ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করা কয়েকটি অজ্ঞাত নম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন বিচারক এবং একাধিক প্রসিকিউটরের মোবাইলে হত্যার হুমকি পাঠানো হয়। এর পরদিন রায় ঘোষণার আগে নিরাপত্তা শঙ্কা আরও বাড়ে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “শেখ হাসিনা রায়ের আগের দিন অসংখ্য ফোন পেয়েছি। একই ভাষায় একই কথা—নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে। ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীরাই এমন ভাষা ব্যবহার করে। এসব হুমকি আমলে নেওয়ার কিছু নেই।”
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, রোববার সন্ধ্যা থেকে একাধিক নম্বর থেকে হুমকি প্রদান করা হয়। “আজও কয়েকটি ফোন এসেছে। অধিকাংশই ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে রায় গেলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে,” বলেন তিনি।
উল্লেখ্য, গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। ছয়টি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়।
এই রায়ের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক সরকারপ্রধানকে সাজার নজির স্থাপিত হলো।
পুলিশ বলেছে, হুমকি তদন্তে সাইবার ইউনিট ও কাউন্টার টেররিজমের বিশেষ টিম কাজ করছে। বাকি তিনজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।