
বরিশাল প্রতিনিধি: পারভেজ,
বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর, বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দিনব্যাপী নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তৌফিকুল ইসলাম।
সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও মফস্বলের ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম–মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
উক্ত সম্মেলনের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত প্রখ্যাত আলেম আল্লামা ইলিয়াস গুম্মান এবং ভারত থেকে আগত বিশিষ্ট আলেম মুফতি হোসাইন আহমাদ পালনপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা মাহফুজুল হক (মহাসচিব, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা), মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (নায়েবে আমির, চরমোনাই) এবং দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমানসহ আরও বিশিষ্ট উলামায়ে মাশায়েখ।
মহাসমাবেশে বক্তারা বলেন, “মুসলমানদের ইসলামের শিক্ষা থেকে দূরে রাখার নানা অপকৌশল ও চক্রান্ত চলছে। মুসলমানদের ঈমান–আকিদার ওপর আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সমাজের প্রতিটি মুসলমানকে ধর্মীয় শিক্ষার প্রতি আরও অনুগত হতে হবে।” তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার বিকল্প নেই এবং ইসলামী বিধান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ ছাড়া বক্তারা সমাজে নৈতিক অবক্ষয় রোধে পরিবার, মসজিদ ও মাদ্রাসাভিত্তিক ইসলামী মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। ইসলামের সঠিক আদর্শ ছড়িয়ে দিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কার্যক্রম জোরদারের আহ্বান জানান তাঁরা। ইসলাম–বিরোধী নানা অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান বক্তারা।
সম্মেলনে বক্তারা বলেন, “ভন্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের মৌলিক বিষয় অস্বীকার করায় তারা ইসলাম থেকে বের হয়ে গেছে; তারা কখনো মুসলিম হতে পারে না।”
দিনব্যাপী এ ইসলামী মহাসম্মেলনে দেশ–বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম অংশ নেন। শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এবং দেশের অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা ও সমাপনী বক্তব্য প্রদান করেন মাওলানা মুহাম্মদ মামুনুল হক, শায়খুল হাদীস।