কাবা শরিফ নিয়ে আপত্তিকর পোস্ট,আটক যুবক

Khan Arif
প্রকাশিত November 25, 2025, 12:59 PM
কাবা শরিফ নিয়ে আপত্তিকর পোস্ট,আটক যুবক

নিজস্ব প্রতিবেদন,

ফরিদপুরের নগরকান্দায় পবিত্র কাবা শরিফ নিয়ে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর মণ্ডল (১৯) উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের শ্রীকান্ত মণ্ডলের ছেলে।

সাগর মণ্ডল স্থানীয় একটি ওষুধের দোকানের কর্মচারী। ঘটনার পর থেকে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

জানা গেছে, গতকাল বিকেলে নিজের ফেসবুক স্টোরিতে কাবা শরিফ নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট করেন সাগর। বিষয়টি মানুষের নজরে আসার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার দিকে স্থানীয় গোড়াইল বাজার এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাগরকে ওই বাজারের আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতরে আটকে রাখা হয়। সাগর ওই ফার্মেসিতে সহকারী হিসেবে কাজ করতেন। পরে রাত ১০টার দিকে ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, ‘পবিত্র কাবা শরিফ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল।

আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....