
নিজস্ব প্রতিবেদক,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীতে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় দোষীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে এবং সবার সহযোগিতায় দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। এছাড়া, নির্বাচনে অংশগ্রহণকারী যারা চাইবে, তাদেরও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হাতিয়ার সরবরাহ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে হামলাকারীরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।