• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৬:২৬ অপরাহ্ণ
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে

নিজস্ব প্রতিবেদক,

জুলাইযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নেওয়া হয়।

হাদির ঘনিষ্ঠ সূত্র জানায়, সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় এবং দুপুর ১টা ৫০ মিনিটে বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর আগে একই দিন বেলা ১১টা ২২ মিনিটে হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে দুপুর ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া হয়।

জানা গেছে, রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে হাদির চিকিৎসা নিয়ে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং সংশ্লিষ্টরা। ওই বৈঠকেই উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সরকারি সূত্রে আরও জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। পাশাপাশি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিকে, ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদটি শেয়ার করুন....