• ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৬:৫৩ অপরাহ্ণ
নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি চক্র পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে। তিনি দাবি করেন, পতিত সরকারের শীর্ষ নেতারা বর্তমানে ভারতে পলায়নরত থাকলেও তাদের সহযোগীরা এখনও দেশে সক্রিয় রয়েছে এবং নানা অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সরোয়ার বলেন, তফসিল ঘোষণার পর দেশ শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে—এটা জেনেই একটি মহল নির্বাচন ভণ্ডুল করতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব পরিস্থিতি মোকাবিলায় দলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আন্দোলনের মাঠেও বিএনপি আছে, আবার ভোটের লড়াইয়েও বিএনপি থাকবে।

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা উল্লেখ করে তিনি আরও বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত এবং যারা দেশব্যাপী অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। প্রার্থী হিসেবে তিনি কোনো আতঙ্ক অনুভব করছেন না বলেও জানান, তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন....