ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১৫ মামলার আসামি দুলাল, নাজিরপুরে চাঞ্চল্য

Khan Arif
প্রকাশিত April 19, 2026, 17:29 PM
ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১৫ মামলার আসামি দুলাল, নাজিরপুরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক :বরিশালের হিজলা উপজেলার দুর্ধর্ষ ডাকাত সদস্য ও ১৫ মামলার আসামি দুলাল (২৬) ডাকাতি করতে গিয়ে পিরোজপুরের নাজিরপুরে কলারদোয়ানিয়া এলাকায় গ্রামবাসীর হাতে আটক হয়ে গণপিটুনিতে নিহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হাসানের বাড়িতে শনিবার দিবাগত গভীর রাতে ৮/৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট শুরু করে।
এ সময় ডাকাত দলের সদস্য দুলাল (২৬) ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুল হাসানকে আঘাত করে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে নাজমুল ও তার ছেলে উভয়েই আহত হন। একপর্যায়ে নাজমুলের স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুরো বাড়িটি ঘিরে ফেলেন।
স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালানোর চেষ্টাকালে গ্রামবাসী কৌশলে এক ডাকাত সদস্যকে আটক করে। পরে উত্তেজিত গ্রামবাসী আটক ডাকাতকে গণপিটুনি দেয়। গুরুত্বর আহতাবস্থায় ওই ডাকাত সদস্যকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ডাকাত সদস্য দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়।
অপরদিকে ডাকাত দলের হামলায় গুরুত্বর আহত নাজমুলের ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানিয়েছেন, নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৫টি মামলা রয়েছে। পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন

সংবাদটি শেয়ার করুন....