• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৩:৫০ অপরাহ্ণ
আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নরসিংদীর শিবপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে থানায় ঢুকে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া । পরে ওই নেতাকে আটক করে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানার ভেতরে এ ঘটনা ঘটে। জজ মিয়া উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে এবং শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

শিবপুর থানার পুলিশ বলছে, শিবপুর উপজেলার জয়নগরের ইউপি চেয়ারম্যান, আ.লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাত ১০টার দিকে শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া দলবল নিয়ে থানায় যান। থানায় গিয়েই হাজতে ঢুকে আওয়ামী লীগ নেতা নাদিম সরকারের সঙ্গে দেখা করতে চান জজ মিয়া।

কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি সবুজ মিয়াকে মারধর করেন। এ সময় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে এবং জজ মিয়াকে আটক করে।

এ সময় জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে জজ মিয়া বলে, ‘এ থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে’ বলেও হুমকি প্রদান করেন। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে রাখে। এ ঘটনায় কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, থানায় গিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ফলে তার বিরুদ্ধে কনস্টেবল সবুজ মিয়া মামলা দায়ের করেছে। আমরা তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....