
নিজস্ব প্রতিবেদন,
হত্যা নাকি আত্মহত্যা— আজও প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান অকাল প্রয়াত সুপারস্টার সালমান শাহর ভক্তরা। এবার যেন রহস্য উন্মোচনের অপেক্ষা। কেননা আদালতের নির্দেশে এ অভিনেতার মৃত্যুতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রথম আসামী করা হয়েছে সালমানের প্রাক্তন স্ত্রী সামিরাকে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে গতকাল দুপুরে প্রয়াত এই নায়ক কি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা জানতে সালমান হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত।
আলমগীর কুমকুম তার মামলায় প্রথম আসামি হিসেবে অভিযুক্ত করেছেন সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হককে। এ বিষয়ে সামিরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সালমান হত্যা মামলায় সামিরা ছাড়াও অন্য আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন। সালমান শাহকে হত্যা মামলায় তার প্রাক্তন স্ত্রীসহ মোট ১১ জনের নাম রয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা বেশ কয়েকজনের নামে হত্যা মামলা করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়।