
নিজস্ব প্রতিবেদক,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার জন্য রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িবহর গুলশান থেকে যাত্রা করেছে, যেখানে শোকার্ত মানুষের শেষ বিদায়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে বের হয়। এ সময় বাসার সামনে ও আশপাশের সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হয়ে প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। গাড়িবহরের সঙ্গে ছিল লাল-সবুজ রঙের একটি বাসসহ একাধিক যানবাহন।
গাড়িবহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা জানাজাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পথে পথে মানুষ হাত নেড়ে, চোখের জলে এবং স্লোগানের মাধ্যমে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।
বিএনপি ও পারিবারিক সূত্র জানায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে। জানাজায় দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার প্রয়াণে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ ছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
দেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে বেগম খালেদা জিয়ার এই বিদায় জাতির জন্য এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।