• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় মাছের ট্রাকে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশের জালে মূল হোতাসহ গ্রেপ্তার ২

Khan Arif
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ১৫:১৪ অপরাহ্ণ
দশমিনায় মাছের ট্রাকে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশের জালে মূল হোতাসহ গ্রেপ্তার ২

পটুয়াখালী’র দশমিনায় মাছের ট্রাকে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশের অভিযানে মূল হোতাসহ গ্রেপ্তার ২

​পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার ঠাকুরের হাট ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাক থামিয়ে বিপুল পরিমাণ ইলিশ ও চিংড়ি মাছ ডাকাতির ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গলাচিপা উপজেলার হরিদেবপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করে দশমিনা থানা পুলিশ।

​গত ৩রা মার্চ গভীর রাতে দশমিনা থেকে খুলনাগামী একটি মাছের ট্রাক ঠাকুরের হাট ব্রিজ সংলগ্ন ডিসি রাস্তায় পৌঁছালে ডাকাত চক্রের কবলে পড়ে। ঢাকা মেট্রো-ন ২১-১৮৮৫ নম্বরের একটি প্রাইভেট কার দিয়ে পথরোধ করে দুর্বৃত্তরা। তারা দেশীয় অস্ত্রের মুখে ট্রাক চালক ও হেলপারকে মারধর করে এবং ট্রাক থেকে ১১ ককসেট ইলিশ ও ১৫ ককসেট গলদা চিংড়ি অন্য একটি ট্রাকে তুলে নিয়ে চম্পট দেয়। লুণ্ঠনকৃত মাছের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে দাবি করেছেন মৎস্য ব্যবসায়ী ও মামলার বাদী ভোলা নিবাসী নিউ।

​ঘটনার পর দশমিনা থানায় মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গলাচিপায় অভিযান চালান। অভিযানে ধরা পড়া আসামীদের মধ্যে ডাকাতির মূল হোতা (১) মো. সোহেল (প্রধান আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাসিন্দা ও সহযোগী (২) মো. সালাহউদ্দিন (২ নং আসামি) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা।

​দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, আসামিরা পরিকল্পিতভাবে মাছের ট্রাকে ডাকাতি করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....